অনেক দিন তো হয়নি দেখা
অনেক কিছুই বদলে গেছে।
এই গেরামের চাষাভূষা
ওই গেরামে বাধের উপর
এখন তাদের ঠাঁই মিলেছে।
ওই যে দেখ বিশাল বাড়ি
উঠানটাতে নামার সিঁড়ি
লম্বাদীঘি নারিকেল বন
সবজিক্ষেতের মাচানখানি।
মাঠ ভরা সব আমন ধানে
সামনে বিশাল ফলের বাগান
ফুল বাগিচা নয়নচারার।
ওইদিকেতে দুধাল গরু মৎস্য খামার
ওসব কিন্তু শুধুই আমার।
অনেক দিন তো হয়নি দেখা
অনেক কিছুই বদলে গেছে।
এই মহল্লার কামার কুমার
ধূপা নাপিত বণিক চামার
ভিটেমাটি বিক্রি করে দেশ ছেড়েছে।
ওই যে দেখ অট্টালিকা
শ্বেতপাথরে নামটি লিখা
আড্ডাখানা ছবির ঘর
চোখ ধাধানো টাইলস মোড়া।
সিঁদুর পড়া কৃষ্ণচূড়া
ঝর্ণাধারা গরম পানি
খোকার খেলার টেবিল টেনিস
আরাম খাবার দোলনাখানি।
ওইখানেতে পাইপটুকু তামাক খাবার
ওসব কিন্তু আর কারও নয় শুধুই আমার।
অনেক দিন তো হয়নি দেখা
অনেক কিছুই বদলে গেছে।
