মহা অগ্নিকাণ্ড কি অত্যাসন্ন?

 


দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে অগ্নিকাণ্ড। মানুষের জানমালের সাথে বেড়েই চলেছে জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ কিংবা প্রতিরোধে আশানুরূপ কোন অগ্রগতি এখনও দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়লেও আমাদের মধ্যে ন্যূনতম সচেতনতা এবং দায়িত্ববোধের জন্ম হয়নি। অগ্নি প্রতিরোধ ব্যবস্থাপনায় সরকারি বেসরকারি সকল ক্ষেত্রে রয়েছে চরম অবহেলা ও অব্যবস্থাপনা। সেই সাথে হ্রাস পাচ্ছে পুকুর ডোবাসহ অন্যান্য জলাশয়ের পরিমাণ। এভাবে চলতে থাকলে ইতিহাসের ভয়াবহতম মহাঅগ্নিকাণ্ডের শিকার হলেও তা আশ্চর্যের কিছু হবে না। 


ইতিহাস থেকে জানা যায়, ১৬৬৬ সালে এক মহাঅগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় সমগ্র লন্ডন শহর। ১৯১০ সালে এক মহাঅগ্নিকাণ্ডে দক্ষিণ-পূর্ব বৃটিশ কলম্বিয়া, পূর্ব ওয়াশিংটন ও কানাডার কিছু অংশ, ১৯৭১ সালের ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবরে সংঘটিত এক মহাঅগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় যুক্তরাষ্ট্রের শিকাগো শহর। এছাড়া ৬৪ খৃষ্টপূর্বাব্দে রোম নগরীর অধিকাংশ পুড়ে যাওয়ার ঘটনা তো এখনও প্রবাদ হয়েই আছে। যদিও এ সকল মহাঅগ্নিকাণ্ডগুলোর সূত্রপাত হয়েছিল অতি সামান্য উৎস থেকেই। 


বিভিন্ন তথ্য মতে, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত শুধু ঢাকা শহরেই ৬টি অগ্নিকাণ্ডে অন্তত ৩০০ লোকের প্রাণহানি ঘটে। এর সাথে যোগ হলো ২০১৯ সালের প্রথমভাগে আরও বড় দুটি অগ্নিকাণ্ড। মাত্র একমাসের ব্যবধানে আগুনের কাছে হার মানলো আরও প্রায় ১০০টি তাজা প্রাণ। যারা হাল ধরে রাখতো কতগুলো পরিবারের, এখন তারাই হয়ে গেলেন পরিবারগুলোর অশ্রুজলের কারণ। 


২৯ মার্চে বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের যে ভয়াবহ রূপ দেশবাসী প্রত্যক্ষ করেছে, তাতে অকুতোভয় ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনীর বীর সৈনিকদের উদ্ধার তৎপরতা এবং আন্তরিকতা সকল মহলে প্রশংসা কুড়িয়েছে সত্য। কিন্তু উদ্ধার সরঞ্জামাদি এবং অগ্নি নিয়ন্ত্রণ ক্ষেত্রে দুর্বলতা সকল মহলকে ভাবিয়ে তুলেছে। কতগুলো মানুষ বিভিন্ন তলায় আটকে পড়ে আছে, সহযোগিতার জন্য তারা চিৎকার করছে, অনেকেই হাত দিয়ে ইশারা করে, কেউবা লাইট জ্বালিয়ে সংকেত দিচ্ছে তারা এখনও সেখানে বেঁচে আছেন। কেউ কেউ পুড়ে মরার চেয়ে লাফিয়ে লাফিয়ে মরছে! আগুন সহ্য করার মতো জিনিস নয়, তা মুহূর্তেই যে কাউকেই পুড়িয়ে ছাই করে দেয়, গরম ধুয়াতেই মানুষ মারা যায়, হার্ট এটাকে মানুষ মারা যায়। সেখানে উদ্ধারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাগাটা আমাদের উদ্ধার বাহিনীর বড় দুর্বলতা ছাড়া আর কি? 


সারাদেশে হাজার হাজার ভবন অননুমোদিতভাবে গড়ে উঠেছে। কোথাও কোথাও ডিজাইন নেই, ডিজাইন থাকলেও বাস্তবায়ন নেই, নীতিমালা এবং আইন থাকলেও তার প্রয়োগ নেই, তদারকির লোক নেই। কোটি কোটি টাকা খরচ করে বিশাল অট্টালিকা নির্মাণ করলেও আর কিছু টাকা খরচ করে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার মানসিকতা নেই। প্রশাসনকে দেখানোর জন্য কোন কোন প্রতিষ্ঠান কিছু নি¤œমানের অগ্নি নির্বাপন সরঞ্জামাদি ক্রয় করলেও এ ব্যাপারে কারও কোন প্রশিক্ষণ নেই, তাই জরুরি মুহূর্তে সেগুলিও কোন কাজে আসে না। 

অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান ও দপ্তর রয়েছে। রয়েছে অনেক গবেষণা প্রতিষ্ঠানও। তারা কোথায়, কিভাবে এবং কী কাজ করছে তা জানতে চাই না। 


এত অনিয়ম অব্যবস্থাপনার পরও এই মৃত্যুর মিছিল এবং ক্ষয়ক্ষতির দায় কেউ নেয় না। দায় নেয় শুধু নির্দোষ হতভাগ্য পরিবারগুলো। 


এতো ভয়াবহ অগ্নি দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরও আমরা নিজের জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারায় আমাদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ জন্ম নেয়নি। তাই আমরা নির্দ্বিধায় এসব ভবনে চরম ঝুঁকি নিয়ে বসবাস, চাকরি-বাকরি এবং ব্যবসা-বাণিজ্য করছি। ভবন মালিক থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, অগ্নি প্রতিরোধ বাহিনীর সদস্য, এমনকি সচিব, এমপি-মন্ত্রী তারাও অনেকে এ রকম ঝুঁকিপূর্ণ ভবনেই যুগ যুগ ধরে বসবাস করে আসছেন। সবাই যেন এ ঝুঁকি মেনেই নিয়েছেন। আসলে আমাদের সমস্যা এত বেশি যে, এসব বিষয়ে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। চাঞ্চল্যকর কোন বিষয় ছাড়া এখন অন্য কোন বিষয় আমাদের মনোযোগ কাড়তে পারে না। যখন চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা ঘটে, তখন আমরা সড়ক দুর্ঘটনা নিয়েই আলোচনা করি। অন্য সব ভুলে যাই। চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটলে ধর্ষণের প্রসঙ্গে সারাদেশে ঝড় উঠে। বাকি সব ভুলে যাই। মা দিবসে মায়ের বন্দনা করি, বাবাকে ভুলে যাই। আবার বাবা দিবসে বাবাকে নিয়ে আলোচনা করি, মাকে ভুলে যাই। 


এসবের পিছনে আমাদের নৈতিকস্খলনও অন্যতমভাবে দায়ী। পুঁজিবাদী সমাজব্যবস্থায় আমাদের নীতি-নৈতিকতাতেও এসেছে বহু পরিবর্তন। আমরা এখন অর্থ এবং সম্পদের মধ্যে নিজের কৃত্রিম ব্যক্তিসত্ত¡াকে খুঁজে চলেছি। তাই চিত্ত স্বাস্থ্য ভালো থাকুক বা না থাকুক, বিত্ত স্বাস্থ্য যেন ভালো থাকে। আমরা সবাই এতে একমত। যার প্রচুর জ্ঞান আছে, সমাজে তার মূল্যায়ন না থাকলেও যার প্রচুর গরু আছে তার মূল্যায়ন ঠিকই আছে। তাই জ্ঞানচর্চা বাদ দিয়ে জ্ঞানীরাও এখন গরু নিয়ে চর্চা শুরু করে দিয়েছেন।

এই যে দেখুন ফল ব্যবসায়ী ফলে ফরমালিন দিচ্ছে, আর ভাবছে এই ফল আমি তো আর খাচ্ছি না। আবার মাছ ব্যবসায়ী মাছে ফরমালিন দিয়েও তাই ভাবছে। তিনি কিন্তু ফরমালিনযুক্ত ফল ঠিকই খাচ্ছেন। সবজি ব্যবসায়ী সবজিতে ফরমালিন দিয়েও তাই ভাবছে। এভাবে সব খাবারেই ফরমালিন চলে আসছে। আবার সবাই ফরমালিনযুক্ত খাবার খাচ্ছি। শেষে লাভটা কি হলো সবাই সবার ক্ষতি করছি। 



লেখক: 

মোহাম্মদ হাফিজ উদ্দিন

প্রভাষক ও কলাম লেখক, জামালপুর।

mhuddin.net@gmail.com


Pages