চিকিৎসক আক্রান্ত হলে রোগ সারাবে কে?



চিকিৎসা পেশা পৃথিবীর অন্য সকল পেশা হতে সম্মানের। বড় বড় ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকের কাছে সকলের যাওয়ার প্রয়োজন না পড়লেও বাদশাহ হতে শুরু করে ফকির পর্যন্ত সবাই চিকিৎসকের কাছে যেতে বাধ্য। একজন চিকিৎসক যেমন সর্বোচ্চ সম্মানের দাবিদার, তেমনি পেশাগতভাবে তাকে হতে হয় যোগ্য, দক্ষ ও কর্তব্যপরায়ন। সেই সাথে হতে হয় উত্তম চরিত্র এবং উত্তম মনের অধিকারী একজন মহান মানুষ। কেননা ডাক্তারের হাতে একজন রোগীর বাঁচা-মরা অনেকটাই নির্ভরশীল। রুগ্ন অবস্থায় রোগীর নিকট ডাক্তারের চেয়ে প্রিয় বন্ধু এবং আপনজন আর কেউ নেই। একজন ভাল ডাক্তারের কারণে একজন রোগী যেমন সহজেই আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তেমনি ডাক্তারদের ভুলের খেসারত হিসেবে রোগীকে প্রাণ দিতেও দেখা যায়। তবে ডাক্তাররাও যেহেতু মানুষ, তাদেরও ভুল হতে পারে। যদিও ডাক্তারের ভুলের কারণে ডাক্তারকে নয়, বরং রোগী এবং তার আত্মীয়-স্বজনকেই  সর্বোচ্চ মূল্য দিতে হয়। এ রকমাত্র ডাক্তারকেই সর্বোচ্চ ধৈর্য্য ধারণ করতে হবে। কারণ তিনি ডাক্তার। মানুষকে সেবা তাঁর ধর্ম। মৃত রোগীর আত্মীয়-স্বজন স্বাভাবিকভাবেই নানা দুঃশ্চিন্তায় থাকেন। স্বজন হারানোর বেদনা সকলকেই আবেগ আপ্লুত করে। আর যদি ডাক্তারদের কোন ভুল বা অবহেলায় রোগীর অবস্থা খারাপ হয় কিংবা মৃত্যু ঘটে, তাহলে তো পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকেই। তাই রোগীর উত্তেজিত স্বজনদের সাথে সাথে ডাক্তারদের উত্তেজিত হয়ে যাওয়া ডাক্তারদের পেশার সাথে মোটেই শোভিত নয়। কারণ ডাক্তার মানুষের রোগ সারানোর জন্যে, মানুষের মনের অবস্থার উন্নতির জন্যে কাজ করেন। মানুষকে ¶েপিয়ে তোলা বা আহত করা ডাক্তারদের পেশার সাথে একেবারেই বেমানান। তবুও ডাক্তাররা যেহেতু মানুষ, তাই তারাও ভুলের উর্ধ্বে নয়। ভুল ক্ষমার যোগ্য। নিজের সর্বোচ্চ আন্তরিকতা এবং প্রচেষ্টার পরও যদি কোন দুর্ঘটনা ঘটেই যায়, তবে সে ডাক্তারকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখতে হবে। নইলে ডাক্তারের প্রতি এটি হবে অবিচার। এই পেশাতে কেউ আসতে চাইবে না। তাই রোগী এবং ডাক্তার উভয়েই উভয়ের প্রতি হতে হবে সর্বোচ্চ আন্তরিক এবং বিশ্বস্ত।

কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক ডাক্তার এবং রোগীর আত্মীয়-স্বজনদের মাঝে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, তা কোনভাবেই কাম্য নয়। এতে ডাক্তারদের মর্যাদাহানির সাথে ডাক্তারদের উপর রোগীদের আস্থা কমে যাচ্ছে, রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, চিকিৎসার অভাবে অনেকে মারাও যাচ্ছে।

গ্রামে-গঞ্জে, ইউনিয়ন এবং উপজেলা পর্যায় থেকে শুরু করে সর্বত্রই ডাক্তারদের কর্মস্থলে অনুপস্থিতি, কর্তব্যে অবহেলা পরিল¶িত হয়। ঠিক বিপরীতে ক্লিনিক, ফার্মেসি ও ব্যক্তিগত চেম্বারে ডাক্তারদের সরব উপস্থিতি এই কথায় প্রমাণ করে যে, ডাক্তাররা শুধু সরকারি হাসপাতালের সাইনবোর্ডটা চান। কারণ সরকারি সাইনবোর্ড না হলে রোগীরা ভীড় জমায় না, ব্যবসাটা ভাল জমে উঠে না। ক্লিনিকে চেম্বারে দিনে এক থেকে দুই শত রোগী না দেখলে  কোন কোন ডাক্তারের যেন মানব সেবাই হয় না। হাসপাতালের বিশাল করিডোরে আলো বাতাসপূর্ণ জায়গায় তাদের কাজ করতে নানা সমস্যা হলেও জীর্ণ-শীর্ণ ফার্মেসী এবং ক্লিনিকগুলিতে মাকড়সার জাল মাথায় লাগলেও এসব ডাক্তারদের রোগী দেখতে কোন সমস্যা হয় না।

হাসপাতালে রোগীরা এসে সেবা না পেলেও গ্রামে-গঞ্জে ক্লিনিক এবং ফার্মসীগুলিতে মাইকিং করে চিকিৎসা সেবা পৌছে দিতেও তাদের সময়ের অভাব হয় না, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত রোগীদের বাসায় গিয়েও সেবা দিতে দেখা যায়। যদিও রোগীর কাছেই ডাক্তারের যাওয়ার কথা, ডাক্তারের কাছে রোগীর নয়। কিন্তু ডাক্তারদের অপ্রতুলতার কারণে রোগীরাই ডাক্তারের কাছে যেতে বাধ্য হয়। এটাই এখন বাস্তবতা যা আমরা মেনে নিয়েছি। যে দ্বায়িত্ব পালনের জন্যে ডাক্তাররা চোখ বুজে সই করে চাকরি নেন, বেতন-ভাতা নেন, সেখানে তাদের খোঁজে পাওয়া না গেলেও পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করে উনারাই মানব সেবা করে থাকেন। হাসপাতালে আসতে কোন কোন ডাক্তারের কোমড় ব্যথা হয়ে গেলেও, ভাঙা রাস্তা এবং লক্কর ঝক্কর যানবাহনে করে গ্রামের ফার্মেসিগুলোতে যেতে আর কোন সমস্যা হয় না। ক্লিনিক এবং  চেম্বারে সকাল থেকে রাত গভীর পর্যন্ত একটানা রোগী দেখলেও কারও কারও ঘুমের ভাব আসে না। যত দোষ ওই হাসপাতালের!

যদিও সারাদেশের জন্যেই ডাক্তাদের নিয়োজিত করা হয়ে থাকে, তথাপি নিয়োগ কার্ডটা হাতে পেলে অনেকেরই আর সে কথাটা মনে থাকে না। যারা গ্রামে জন্মে গ্রামে বড় হয়েছেন। শুধু ডাক্তারি পড়ার জন্য মাত্র কয়েকটি বছর মাত্র শহরে থেকেছেন। তাদেরও আর  গ্রাম ভাল লাগে না। যদিও মা-বাবা, গ্রামবাসী গ্রামে বসেই তাদের নিয়ে গর্বে বুকটা ফুলিয়ে তোলেন। এই আমাদের মাটির টান।

গ্রামের এবং শহরের সাধারণ ঘরের ছেলেমেয়ে যারা অসহায় রোগীদের দুর্দশা খুব কাছ থেকে উপলব্ধি করে তাদের সেবার জন্যে নিজেকে ডাক্তার হিসেবে গড়ার স্বপ্ন কদাচিৎ দেখে থাকে। ডাক্তার হওয়ার খরচের হিসেব দেখে বাবা মায়ের কানে তাদের স্বপ্নের কথা পৌছার আগেই নিজের মনের ভেতরেই দুঃস্বপ্ন হয়ে তা মৃত্যু বরণ করে। তাই সাধারণ দরিদ্র ঘরের সন্তানরা এখন আর মেডিক্যালে পড়ার স্বপ্ন দেখে না। মেডিক্যাল ব্যতীত আর কোন বিভাগে ছাত্র ভর্তি করতে এবং লেখাপড়া শেষ করতে এত টাকা লাগে না। পুঁজিপতি পিতা-মাতা এবং সন্তানদের প্রথম পছন্দ হওয়ায় সাধারণ ঘরের ছেলেমেয়েদের জন্যে চিকিৎসা বিজ্ঞানে পড়া এখন শুধুই এক দুঃস্বপ্নের নাম।

যারা মানব সেবার স্বপ্ন কখনো দেখেন না। তারা শুধু বাবা-মায়ের আর্নিং মেশিন হয়ে যায়, কখনও বা ঘরের সৌন্দর্য্য বর্ধনকারী প্লাস্টিকের টবে সাজানো গন্ধহীন মিথ্যে ফুল হয়েই জীবন কাটিয়ে দেয়। তাই ধনিক শ্রেণী কোটি কোটি টাকা বিনিয়োগ করতেও দারুন উৎসাহিত। আর এই বিনিয়োগের রিটার্ন শতভাগ নিশ্চিত। নিশ্চিত বলছি এই জন্যে যে, বড় বড় ইন্জিনিয়ারের কাছে, বৈজ্ঞানিকের কাছে সকলের যাওয়ার প্রয়োজন না পড়লেও বাদশাহ হতে শুরু করে ফকির পর্যন্ত সবাই ডাক্তারদের কাছে গিয়ে সেলামী দিতে বাধ্য। সেই সাথে উচ্চ সামাজিক মর্যাদা তো আছেই। তাই এই সব উচ্চাভিলাষী বাবা মায়ের সন্তানেরা বাবা-মায়ের সেই স্বপ্নই পূরণ করে থাকেন।

চিকিৎসা পেশায় ভারসাম্য আনতে দরিদ্র মেধাবীদের মেডিক্যালে পড়ার জন্য বিশেষ বৃত্তি এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সরকারের উচিত হবে গ্রাম এবং শহর আলাদা করে মোট কোটা নির্ধারণ করে গ্রাম এবং শহরের জন্যে আলাদা নিয়োগ দানের ব্যবস্থা করা। যারা গ্রামে কাজ করতে আগ্রহী তাদেরকে গ্রামে আর যারা শহরে কাজ করতে আগ্রহী তাদেরকে শহরের জন্য নিয়োগ দিতে হবে। সর্বোপরি মানুষের জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত এমন মহান পেশাটি যাতে কলুষিত না হয়- সেদিকে সাধারণ জনগণ এবং সরকারসহ সকল মহলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর মহান এ পেশাটিতে যাতে মহান হৃদয়ের লোকদেরই আগমণ ঘটে তার জন্যে প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করতে হবে।

ডাক্তাররা যাতে স্থানীয় লোকদের হাতে বিনা কারণে লাঞ্ছিত না হন এবং নির্বিঘ্নে তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে পারেন- সেটাও সরকারকেই নিশ্চিত করতে হবে। প্রয়োজনে হাসপাতালে এবং কোয়ার্টারগুলোতে ডাক্তারদের জন্যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 


লেখক: 

মোহাম্মদ হাফিজ উদ্দিন

প্রভাষক ও কলাম লেখক, জামালপুর।

mhuddin.net@gmail.com


Pages