আমি চিৎকার শুনি
শিল্পায়নের বিষাক্ত রসে আহত নির্মল জলের
বুড়িগঙ্গার বিপন্ন সবুজ প্রাণের।
আমি চিৎকার শুনি
অপসঙ্গীতের ভীড়ে হারানো সুমধুর সুর
জারি সারি ভাওয়াইয়া ভাটিয়ালি গানের।
আমি চিৎকার শুনি
বঙ্গোপসাগর বক্ষে বিলুপ্তপ্রায় ইলিশের ঝাঁকের
গোঁধূলি লগনে বাঁশ বাগানে কোলাহলে মেতে উঠা বকের।
আমি চিৎকার শুনি-
বিষক্রিয়ায় হারিয়ে যাওয়া লজ্জাবতী শকুনের।
আমি চিৎকার শুনি
নদীর বুকে জেগে উঠা চরের
কল কল জলধ্বনির;
আমি চিৎকার শুনি
কালো ধোঁয়ায় আহত নির্মল বাতাসের;
সবুজ ফসলের।
আমি চিৎকার শুনি
খেলার মাঠের, মুক্ত হাসির
পাঠচক্রে ক্লান্ত চার দেয়ালে বন্দী শিশুর।
আমি চিৎকার শুনি
ক্লান্ত পথিকের ঘর্ম জুড়ানো
সবুজ বৃক্ষের বুকে দুর্বৃত্তের কুঠারাঘাতের;
আততায়ীর বুলেটে আপন হারানো মলিন মুখের।
আমি চিৎকার শুনি
সুস্বাদু ফলের পুষ্টিকর মাছের
ফরমালিনে ভরা শিশুখাদ্যের;
আমি চিৎকার শুনি
চিরসবুজ গ্রাসে ইট ভাটাদের জেগে উঠার।
আমি চিৎকার শুনি
যুদ্ধ শিশুর, বোমায় পোড়া আহত যাত্রীর
বোনের সকল হারানো একাত্তরের এক কালো রাত্রির।
আমি চিৎকার শুনি
ফালানীর ঝুলন্ত লাশের;
আমি চিৎকার শুনি
অট্টালিকা তলে ফুটপাতে নিদ্রামগ্ন শ্রমদাসের।
