আজ একটি কবিতার
অপমৃত্যু হতে পারত!
নীল আকাশের মিতালি হয়ে
কবিতা লিখার উন্মত্ত বাসনায়
কবি নরম ডানা মেলেছিল
মুক্ত হাওয়ায়।
হাওরের নীল জলে লেখা কবিতাগুলো
পাঁপড়ি মেলে উড়ে বেড়ায়-
ডানা মেলা ছবির মতো
সেই দূরন্তের পথে।
যেখানে হিজল করচের বনে-
কিচিরমিচির সুরে সুরে
কবিতারা দল বেঁধে খেলা করে।
নিচে অথৈ জলে
ছোট ছোট অবুঝ মাছেরা
জীবনের বাজি লয়ে দুষ্টুমিতে মেতে ওঠে।
হলদে নীল রূপসী মাছরাঙা
আপনি হেসে উঠে
চতুরতা ভরা বোকা বোকা
কবিতাগুলোর হাসি মুখ দেখে।
পড়ন্ত সাঁঝের বেলায়
আলো আঁধারির দোলাচলে
হঠাৎ মাতাল হাওয়া
ভালোবেসে জাপটে ধরেছিলো
কবিতার ডানাগুলো।
তুলতুলে নরম মনোহর কবিতা
ডানা ঝাপটায় শেষ কবিতার তরে-
অবশেষে আহত কবিতা
হার মেনে নেয়
সলিল সমাধি অনস্বীকার্য যবে।
এই ছোট্ট দেহ কবিতার ভরে
হাওরের জল দুকূল ছাপিয়া যায়
এই কবিতার তরে।
হঠাৎ একটি মায়াবি হাত
ওপরে তুলে ধরে কবিতার ডানাগুলো
ভালোবাসার আলতু পরশে
আজ একটি কবিতা প্রাণ পেল
অপমৃত্যু হতে।
