যুগ যুগ ধরে গ্রাম বাংলায় একটি প্রবাদ চলে আসছে- “গাঙ নষ্ট করে পানা, আর গাঁও নষ্ট করে কানা। পানা সাধারণত স্রোতহীন জলাধার তথা হাওড়-বাওড়, খাল-বিল এবং পুকুর-ডোবাতেই জন্মায়। কিন্তু তা যদি নদীতে এসে যায়, তবে নদীর সৌন্দর্যকেই নষ্ট করে দেয়। এ কথা সহজেই বুঝা যায়। কিন্তু গাঁও নষ্টকারীদের ব্যাপারে আমরা কতটুকুই বা জানি? প্রবাদে কানা বলতে কোন দৃষ্টি প্রতিবন্ধীকে বোঝানো হয়নি, বরং এ কানা তারাই যাদের বিবেকচক্ষু সব সময় বন্ধ থাকে।
‘কানা’ শব্দটি সাধারণত ‘অন্ধ’ শব্দটির সমার্থক বা প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা কথায় কথায় অনেককেই কানা বলে গালি দিয়ে থাকি। যদিও ব্যক্তিটি দৃষ্টি প্রতিবন্ধী নন। আবার দৃষ্টি প্রতিবন্ধী অসহায় মানুষরা কখনোই গাঁও বা সমাজ নষ্ট করতে পারে না। সমাজ নষ্ট করার মতো সক্ষমতা তাদের থাকে না। তাই প্রবাদের এ কানা যে, বিবেক চক্ষুহীন মানুষকেই বোঝানো হয়েছে, এ কথা নিঃসন্দেহেই বলা যায়। আমাদের সমাজে কানা মানুষের অভাব নেই। আমরা নানা ধরনের কানা দেখতে পাই। আর আমরা যদি এইসব কানাদের না চিনি তবে আমরাও কিন্তু কানা। নিয়তির পরিহাসে অনেকেই জন্মান্ধ হয়েছেন। অনেকেই বা কোন অসুস্থতা বা দুর্ঘটনার কারণে। এতে তাদের নিজেদের কোন দোষ নেই। তাই আমরা তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধার চোখেই দেখে থাকি।
দৃষ্টি প্রতিবন্ধী অসহায় মানুষগুলো চর্মচক্ষু দিয়ে দেখতে না পারলেও অন্তরচক্ষু দিয়ে অনেক কিছুই দেখে থাকে। অনেকেই চোখে না দেখেও খুব সাবলীলভাবে পথ চলতে পারে। সমাজের ঘটে যাওয়া সবকিছুই তারা অনুধাবন করতে পারে। তাদের কারণে সমাজে কোন অশান্তি সৃষ্টি হয় না। বরং তারা সমাজের অশুভ মানুষদের থেকে নিজেকে রক্ষা করে চলতে চেষ্টা করে থাকে। দৃষ্টি প্রতিবন্ধীদেরকে অনেকেই সমাজের বোঝা মনে করে থাকে। কিন্তু প্রয়োজনীয় সাপোর্ট পেলে তারাও যে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, এমন হাজারও নজির আছে। এদের কারণে দেশের সম্পদের কোন অপচয় বা অপব্যবহার হয় না। অথচ আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ তাদের জন্যে সমাজে কত অপকর্মই না ঘটে চলেছে। প্রতিনিয়ত নিজেদের নানা অপকর্ম দ্বারা সমাজটাকে একেবারে বিষিয়ে তুলছি আমরা। সমাজের প্রতি পদে পদে নানা সমস্যা থাকলেও আমরা সেদিকে কর্ণপাত করি না। শুধু নিজের আখের গুছানোর জন্যে হেন কোন কাজ নেই যা আমরা করি না। দেশের সরকার প্রধান যেখানে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একাই লড়ে যান, সেখানে কতিপয় মন্ত্রী-আমলা থেকে শুরু করে অন্ধ নেতা-পাতিনেতারা নিজেদের আখের গুছাতে ব্যস্ত থাকে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিদ্যুৎ ও যোগাযোগের মতো অতি গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদাগুলো পূরণ করতে রাষ্ট্র যেখানে হিমশিম খায়, সেখানে অপ্রকৃতস্থ কিছু মানুষ রাষ্ট্রীয় অর্থ নানাভাবে নিজেদের পকেটে তুলছে। গরীবের জন্য বরাদ্দ অর্থ দিয়ে এরা নিজেদের জন্য গাড়ি কিনে, বাড়ি বানায়। আবার গাড়ির জন্যও ঘর করে। অথচ সেই অসহায় মানুষগুলো তাদের চোখের সামনেই খোলা আকাশের নিচে ফুটপাতে দিনাতিপাত করে। প্রকৃতপক্ষে, এরাই অন্ধ, কানা ও মানসিক প্রতিবন্ধী যারা এসব দেখেও না দেখার ভান করে। তাই বাউল সাধক মরমী কবি লালন সাঁইজি সমাজের এসব কলুষিত মানুষদের লক্ষ্য করেই বলেছেন, “এসব দেখি কানার হাট বাজার।”
মনে অন্ধ বা কানারাই সমাজের সকল অশান্তির কারণ। এদের কারণেই সারাবিশ্বে আজ অশান্তি বিরাজিত। মূলত এরা শারীরিক প্রতিবন্ধী না হলেও মানসিক বা বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধি-জ্ঞানের ঘাটতির কারণেই এরা অল্পে তুষ্ট হতে পারে না। তারা দুনিয়ার সকল মানুষের সম্পত্তি গ্রাস করতে চায়। নিজের স্বার্থকে এরা এত বড় করে দেখে যে, এদের কাছে দেশ এবং সাধারণ গরীব দুঃখীরা পর্যন্ত কোন অনুগ্রহ পায় না। তারা গরীবের জন্য বরাদ্দ এমনকি মসজিদ- মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন কাজের অর্থও নিজের পেটে তুলতে মোটেই চিন্তিত হয় না।
এতকিছুর পরও এরা নিজের এবং সন্তানের ভবিষ্যত নিয়ে দারুণ দুঃশ্চিন্তাগ্রস্ত থাকে। এরা নিজেরাই শুধু প্রতিবন্ধী নয়, এদের তাদের সন্তানদেরকেও প্রতিবন্ধী মনে করে এবং প্রতিবন্ধী বানিয়ে ফেলে। এদের মন পড়ে থাকে আকাশচুম্বী প্রাসাদের দিকে। এদের চোখে এটা ধরাই পড়ে না যে, সমাজে কোটি কোটি মানুষ সামান্য উপার্জনে চলছে। এরা প্রতিনিয়ত রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে চলে। সুন্দর পৃথিবীতে এরা শান্তি খুঁজে পায় না। তাই কোটি কোটি ডলার খরচ করে খসখসে প্রাণহীন বায়ুহীন মঙ্গলে পাড়ি দিতে চায়। অথচ শান্তি নামের সোনার হরিণের দেখাটি এরা পায় না। এই মানসিক রোগাগ্রস্তদের ভার সমস্ত জাতিকেই বহন করতে হয়। এরা অন্যকে মহান স্রষ্টার সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে ভাবতে পারে না। এদের কারণেই লক্ষ লক্ষ মানুষ ফুটপাতে গড়াগড়ি করে দিন কাটায়। মাটির সাথে মিশে বন্য পশুর মত গণ্য হয়।
এ সমাজে এমন অনেকেই আছেন যারা ‘ভোগে সুখ নাই, ত্যাগেই সুখ’/‘সবার উপরে মানুষ সত্য, তাঁহার উপরে নাই’/ ‘আল্লাহকে ভালোবাসতে হলে প্রথমে মানুষকে ভালোবাসতে হবে।’-এই ধরনের নীতি কথাগুলোর ব্যাখ্যা ও ভাব সম্প্রসারণ করে পরীক্ষায় সেরা হয়ে চাকরি নেওয়ার পরও মন ও মানসিকতায় কোন পরিবর্তন নেই। কেউ আবার মানবতার মহান বাণীতে বক্তৃতার মঞ্চকে অশ্রুসজল করে তোলেন। গরীব মানুষের হাততালি কুড়ান। অথচ ভেতরের যেই যদু যদুই রয়ে যায়। ত্যাগেও যে সুখ আছে, সে কথা তাদের অন্তরে বাজে না। নিজের শিশুর হাসি দেখতে যত সুন্দর, অন্য শিশুর হাসিও যে তেমনি সুন্দর; তা তারা উপলব্ধি করতে পারে না। পাপ করতে করতে এদের অন্তর এতটাই কলুষিত ও দুষিত হয়ে যায় যে, তখন আল্লাহ এদের অন্তরে মোহর মারার ঘোষণা দেন। তাই এরা মহান আল্লাহর মহান বাণীগুলো কানে শুনলেও মনের মধ্যে কোন প্রভাব ফেলে না। ত্যাগেও যে সুখ আছে তা তাদের অনুপলব্ধই রয়ে যায়।
পৃথিবীতে অনেক মহামানব ধনবান হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তাঁরা সম্পদকে নিজেদের হাতে কুক্ষিগত করে রাখেননি। সমাজের অসহায় মানুষদের কল্যাণে ব্যয় করেছেন। এখনও আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যারা শুধু খ্যাতির জন্য নয়, বরং সমাজটাকে সকলের জন্য সুখী এবং শান্তিময় করে গড়ে তোলার জন্যে সর্বস্ব বিলিয়ে দেন।
আসুন, আমরা এই অন্ধদেরকে জ্ঞানের আলো দান করি। আর দৃষ্টি প্রতিবন্ধী অসহায় মানুষ যারা নিষ্ঠুর নিয়তির কারণে আপনার আমার দিকে চেয়ে আছে, তাদেরকে মহান স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানব সন্তান হিসেবে এই পৃথিবীর আলো বাতাসের সমান অংশীদার হিসেবে নিজের অন্তরে ঠাঁই দিই।
লেখক:
মোহাম্মদ হাফিজ উদ্দিন
প্রভাষক ও কলাম লেখক, নেত্রকোনা।
